ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ। আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফয়সল আমীন ও জামায়াত নেতা দেলাওয়ার হোসেনসহ ৫ জন প্রার্থী।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে চূড়ান্তভাবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে দলীয় সিদ্ধান্ত মেনে গত ৫ অক্টোবর বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
বর্তমানে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও দলটির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ভোটগ্রহণ ঘিরে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ও ভ্রাম্যমাণ আদালত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে।