নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের পর বিএনপিকে 'সন্ত্রাসের রাজনীতি' বন্ধের আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিজ দলের অভ্যন্তরীণ বিরোধে শাকিলকে হত্যা করা সত্ত্বেও বিএনপির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এই আহ্বান জানান। পোস্টে তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির রাজনীতির কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। মিটফোর্ডের সোহাগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এবার বিএনপির সাবেক এক সংসদ সদস্যের দুই ছেলের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম।
শাকিল হত্যাকাণ্ডের পর কেন্দ্রীয় ছাত্রদল এবং মূল দল বিএনপির নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডাকসু ভিপি। সাদিক কায়েম বলেন, স্থানীয় পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ তরুণ নেতা নিহত হওয়ার পরও দলের নীরবতা অত্যন্ত বিস্ময়কর। রাজনৈতিক প্রতিবাদ বা পদক্ষেপ যদি কেবল দলীয় স্বার্থের কাছে জিম্মি থাকে, তবে তা দেশের সার্বিক রাজনীতি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
পোস্টে তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কেবল 'নামমাত্র বহিষ্কারের' মাধ্যমে অপরাধীদের দায়মুক্তি দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। সাদিক কায়েম আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধু সাধারণ মানুষই নয়, এখন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নিজস্ব নেতাকর্মীরাও নিরাপত্তা সংকটে ভুগছেন।