পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধ স্বর্ণ উত্তোলনবিরোধী অভিযানে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের এক ভয়াবহ হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দল বন্দুকধারীদের অতর্কিত আক্রমণের শিকার হয়।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এবং পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) প্রদেশটির কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের ওই দলটি ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওঁত পেতে থাকা সশস্ত্র বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১১ পুলিশ সদস্য প্রাণ হারান। হামলাকারীরা এ সময় পুলিশের ব্যবহৃত পাঁচটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রতিবছরই আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংস্থাটির তথ্যমতে, ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা প্রায় চার গুণ বেড়ে ২ হাজার ৪২৫টিতে দাঁড়িয়েছে।