২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যাঁরা এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, তাঁদের নতুন করে তালিকাভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে পুনরায় আবেদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হলেও এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হতে পারেননি এমন বাদপড়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের আওতায় আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ উদ্দেশ্যে নতুন করে তালিকাভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ‘জুলাই গণঅভ্যুত্থান শাখা’ থেকে গত ১০ নভেম্বর এ সংক্রান্ত একটি বিশেষ চিঠি জারি করা হয়েছে। এতে বলা হয়, আন্দোলনে অংশ নিয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন বা এখনো চিকিৎসাধীন রয়েছেন, অথচ গেজেটের বাইরে রয়েছেন এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বানের জন্য দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
চিঠিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৪২ জন শহীদ হয়েছেন। পাশাপাশি আহতদের যথাযথ স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’দের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-‘ক’-তে ৯৯০ জন, ক্যাটাগরি-‘খ’-তে ১ হাজার ১৪ জন এবং ক্যাটাগরি-‘গ’-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে আরও অনেক আহত ব্যক্তি রয়েছেন, যাঁরা নানা কারণে এখনো তালিকাভুক্তির সুযোগ পাননি। গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন আবেদন মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল। ফলে জেলা ও উপজেলা পর্যায়ে আবেদন জমা পড়লেও তা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি।
বর্তমানে সেই জটিলতা কাটিয়ে গেজেটভুক্তির বাইরে থাকা প্রকৃত আহত ব্যক্তিদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের প্রয়োজনীয় শর্তাবলি: তালিকাভুক্ত হতে ইচ্ছুকদের আবেদনের সঙ্গে নিম্নলিখিত তথ্যাদি ও প্রমাণক জমা দিতে হবে:
জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মসনদ।
স্থায়ী ও বর্তমান ঠিকানার সঠিক বিবরণ।
আন্দোলনে আহত হওয়ার সপক্ষে উপযুক্ত ও গ্রহণযোগ্য চিকিৎসা সংক্রান্ত প্রমাণক বা কাগজপত্র।
সংশ্লিষ্টদের মতে, সরকারের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ফলে আন্দোলনে আহত হয়েও বিভিন্ন কারণে এতদিন তালিকাভুক্ত হতে না পারা ব্যক্তিরা যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান পাওয়ার সুযোগ লাভ করবেন