যুক্তরাষ্ট্রের মাটিতে সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে দীর্ঘ ১২০ মিনিট লড়াইয়ের পর কিছুটা বিরতি পাচ্ছেন সময়ের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, আসন্ন অল-স্টার ম্যাচে মাঠে নামতে হচ্ছে না ইন্টার মায়ামি সুপারস্টারকে। গত বছর এই বার্ষিক প্রদর্শনী ম্যাচ থেকে দূরে থাকায় শাস্তি পেলেও, এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চলতি মৌসুমের মাঝপথে দীর্ঘ সাত সপ্তাহের বিরতি দিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ও পর্যাপ্ত বিশ্রামের কথা মাথায় রেখে আগে থেকেই বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছিল লিগ কর্তৃপক্ষ ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।
চুক্তি অনুযায়ী বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলা ফুটবলারদের ক্ষেত্রে ক্লাবগুলো আলোচনা সাপেক্ষে বিশ্রামের সময় নির্ধারণ করতে পারবে। যার সুবাদে আর্জেন্টিনার জার্সিতে ফাইনালে খেলা মেসি এবং তাঁর ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল উভয়কেই এবারের অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠেয় এই জমকালো প্রীতি ম্যাচে এমএলসি স্কোয়াডের প্রাথমিক তালিকায় নাম থাকলেও শারীরিক ধকল এড়াতে এবং ফিটনেস পুনরুদ্ধারে এই ম্যাচটি মিস করছেন তিনি। অতীতে এই ম্যাচ মিস করার কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হলেও এবারের এই পূর্বনির্ধারিত নিয়মের ফলে কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে না। মেসির অনুপস্থিতিতে এবারের অল-স্টার মঞ্চ মাতাবেন সন হিউং-মিন, থমাস মুলার এবং টিম রিয়ামের মতো বিশ্বমানের তারকারা।
মন্তব্য করুন