দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত ও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই হামলার পাশাপাশি ভারী বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু তলিয়ে যাওয়ায় বাস্তুচ্যুতদের জন্য জরুরি জলরোধী তাঁবুর আবেদন জানিয়েছে জাতিসংঘ।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘নাসের মেডিকেল কমপ্লেক্সে’ চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে গাজা সিভিল ডিফেন্স।
এর আগে বুধবার (১১ নভেম্বর) গাজা সিটির দক্ষিণে আল-সাবরা এলাকা, উত্তর-পশ্চিমাঞ্চলের আল-নাসর এলাকার ড্রোন হামলা এবং মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে পৃথক ঘটনায় তিন ফিলিস্তিনি প্রাণ হারান। এছাড়া গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজা সিটি থেকে আল-জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নির্বিচারে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমনকি পানির ট্যাংকে পানি ভরতে গিয়েও ড্রোন হামলায় প্রাণ হারাচ্ছেন মানুষ। আল-জালা সড়কে নিজেদের তাঁবুতে অবস্থানকালে আল-আবসি পরিবারের দুই ভাই নিহত হয়েছেন উল্লেখ করে তিনি জানান, গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নেই।
এদিকে অব্যাহত হামলার পাশাপাশি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন গাজার লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের টানা বৃষ্টিতে অন্তত ৭০ হাজার অস্থায়ী তাঁবু পানিতে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে বন্যার ঝুঁকিতে থাকা কয়েক লাখ মানুষের আশ্রয় নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে জলরোধী তাঁবু সরবরাহের আবেদন জানিয়েছে জাতিসংঘ।