বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে গঙ্গা পানি চুক্তিসহ আন্তঃসীমান্ত নদীর বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনার কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও দেশের সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে এবং ভারত সেসবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভ চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর এলাকায় কয়েকটি কারখানা আংশিকভাবে চালু হলে শ্রমিকরা সড়কে নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দুই দেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন করা হয়। জয়সওয়াল জানান, এ ধরনের বিষয় নিয়ে আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই হবে। ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশন রয়েছে এবং গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, বাংলাদেশের নেতৃত্বের জন্য ভারতের পক্ষ থেকে স্থায়ী আমন্ত্রণ রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইতোমধ্যে জানানো হয়েছে এবং এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।