শৈশবে রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া। মাত্র ১০-১১ বছর বয়সে ঘটে যাওয়া সেই তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ‘দেবো কে দেব মহাদেব’খ্যাত এই অভিনেত্রী।
ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া জানিয়েছেন, মাত্র ১০-১১ বছর বয়সে শৈশবেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। রেস্টুরেন্টে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এত দিন পর সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী।
সোনারিকা জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই রেস্টুরেন্টের এক ম্যানেজারের হাতে হেনস্থার শিকার হন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, ওই ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এমনকি তার বুকে হাত দিয়েছিলেন বলেও অভিযোগ করেন সোনারিকা।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। তখন বয়স এতটাই কম ছিল যে ঘটনার ভয়াবহতা বোঝার মতো পরিস্থিতিতে ছিলেন না। সোনারিকার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে যান। তাৎক্ষণিকভাবে পরিবারের কাউকে বিষয়টি জানানোর সাহসও পাননি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন অভিনেত্রী। কৈশোরে একসময় মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী ঘটেছিল।
তবে শৈশবের এই অভিজ্ঞতার কথা এখনো বাবাকে জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা বিষয়টি জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সোনারিকা ভাদোরিয়া। এ ছাড়া ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ এবং ‘ইশক মে মরজাবা’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।