সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। দোষীদের খুঁজে বের করতে ব্যর্থ হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।”
এই নাশকতাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি আরও লেখেন, “অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।”
উল্লেখ্য, এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের পৈতৃক বাড়িতে হামলার বিষয়টি দেশবাসীকে জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। পোস্টে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লিখেছিলেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।”