সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মিসর। তবে হুথিদের বিরুদ্ধে সরাসরি স্থল অভিযানে অংশ নেওয়া নিয়ে মিসরের সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লোহিত সাগরের কৌশলগত জলপথ সুরক্ষায় দেশটিতে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে মিসর। তবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সংঘাতে কায়রো শেষ পর্যন্ত স্থলসেনা পাঠাবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের প্রতিরক্ষায় কায়রো ইতোমধ্যে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার, চারটি বড় পরিবহন বিমান এবং ‘স্কাইগার্ড-আমুন’সহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি, লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে মিসরের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। সুয়েজ খালের বাণিজ্য ও আন্তর্জাতিক নৌ নিরাপত্তার জন্য এই জলপথ অত্যন্ত সংবেদনশীল।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সম্প্রতি ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবে মিসরীয় সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক উপস্থিতি শুরু হয়েছিল এবং বর্তমানে তা আরও জোরদার করা হয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর মিসরের পার্লামেন্টে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সসিসির প্রস্তাব অনুযায়ী সৌদির প্রতিরক্ষায় প্রয়োজনে সেনা পাঠানোর বিষয়টি দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে অনুমোদিত হয়।
স্থল অভিযান নিয়ে সামরিক নেতৃত্বে মতবিরোধ: ইয়েমেনে সরাসরি স্থল অভিযানে অংশ নেওয়ার প্রশ্নে মিসরের সামরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মতে, প্রেসিডেন্ট সিসি সৌদি অভিযানে সক্রিয়ভাবে সমর্থনের পক্ষে। তাঁর যুক্তি হলো—লোহিত সাগর, সুয়েজ খাল এবং মিসরের নিজস্ব পানিনিরাপত্তা বজায় রাখতে হুথিদের সামরিক শক্তি খর্ব করা অপরিহার্য। তাছাড়া, সম্প্রতি মিসরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদির ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ নবায়নের বিষয়টিও কায়রোর অর্থনৈতিক হিসাব-নিকাশে ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, মিসরের সশস্ত্র বাহিনী ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের একটি বড় অংশ ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী। ১৯৬২ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনের গৃহযুদ্ধে হাজারো সেনা পাঠানোর তিক্ত অভিজ্ঞতা রয়েছে কায়রোর। সেই দীর্ঘ সাত বছরের যুদ্ধে বহু মিসরীয় সেনা প্রাণ হারিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মিসর হয়তো সরাসরি রক্তক্ষয়ী স্থলযুদ্ধে জড়ানো এড়িয়ে চলতে পারে। এর পরিবর্তে বিমান হামলা ও নৌযানের মাধ্যমে হুথিদের অবকাঠামো দুর্বল করার সীমিত কৌশলই বেছে নিতে পারে কায়রো। তবে সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতির ওপর নির্ভর করছে মিসরের পরবর্তী পদক্ষেপ।