সাময়িক বন্ধ থাকার পর মেট্রোরেলের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ নম্বর স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এতে করে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের সবকটি স্টেশনেই ট্রেন চলাচল ও যাত্রী সেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকায় আন্দোলন ও সংঘর্ষের মুখে সাময়িকভাবে বন্ধ রাখা মেট্রোরেলের তিনটি স্টেশন আবার চালু করা হয়েছে। এর মাধ্যমে লাইন-৬ রুটের সকল স্টেশনেই মেট্রোরেল চলাচল ও যাত্রী পরিবহন স্বাভাবিক হয়েছে। এমআরটি পুলিশ কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার (১ নভেম্বর) দুপুরে পোশাক শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের কারণে নিরাপত্তার স্বার্থে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ নম্বর স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল মেট্রোরেল কর্তৃপক্ষ।
যে কারণে বন্ধ ছিল স্টেশন: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিক থেকে মিরপুরের একাধিক পোশাক কারখানার শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুরের প্রধান সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি অচল হয়ে পড়ে। একপর্যায়ে বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে ক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়ে পাল্টা জবাব দেন।
প্রায় ৪০ মিনিট ধরে চলা এ সংঘর্ষের পর এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যাত্রী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংঘাতের সময় তিন স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সমন্বয়ে স্টেশন তিনটি খুলে দিয়ে মেট্রোরেল সেবা পুনর্বহাল করা হয়।