জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার মানিক মিঞা অ্যাভিনিউতে আয়োজিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। আগামী শনিবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই উন্মুক্ত ওপেন এয়ার কনসার্টে জেমস, মাইলস, ওয়ারফেজসহ দেশের প্রথম সারির ৭টি ব্যান্ড টানা সাত ঘণ্টা গান পরিবেশন করবে।
দীর্ঘ দিন পর ওপেন এয়ার কনসার্টের উন্মাদনা নিয়ে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিঞা অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত উৎসব।
একই মঞ্চে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ও প্রথম সারির ৭টি আইকনিক ব্যান্ড নগর বাউল (জেমস), মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন এবং মেকানিক্স।
আয়োজক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যান্ড মিউজিক ফ্যানস’ (বামবা) এবং অংশ নেওয়া ব্যান্ডগুলোর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কনসার্টটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বামবার বার্তায় বলা হয়, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। ঢাকার মানিক মিঞা অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’
নগর বাউল জেমস তাঁর ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে... জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিঞা অ্যাভিনিউতে।’
মানিক মিঞা অ্যাভিনিউতে উন্মুক্ত এই ওপেন এয়ার কনসার্টটি শুরু হবে শনিবার বিকেল ৪টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত (টানা সাত ঘণ্টা)। কনসার্টটি সব সাধারণ দর্শক ও সংগীতপ্রেমীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে।
সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে একাধিক কনসার্ট স্থগিত হওয়ার পর এই বড় পরিসরের ওপেন এয়ার কনসার্ট নিয়ে সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।