ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত ও এনসিপিকে আর পাশে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার মোহে দল দুটি বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় অসহযোগিতা করছে। একই সঙ্গে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত টানা তিন মাস রাজপথ পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ফ্যাসিবাদ দমনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আর কখনোই বিএনপির পাশে পাওয়া যাবে না। তাঁর অভিযোগ, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় দল দুটি পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় অসহযোগিতা করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে তিনি নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি টানা তিন মাস রাজপথ পাহারা দেওয়ার বিকল্প নেই বলে উল্লেখ করেন।
রাশেদ খানের দাবি, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে। যেকোনো সামাজিক আন্দোলন গড়ে উঠলেই সেখানে দলটির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতে শহীদ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা অনুসরণ করতে জামায়াত ও এনসিপি পারবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে রাশেদ খান বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে মজুরি বোর্ড উদ্যোগ নিয়েছে। সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। কারও এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
তবে তাঁর অভিযোগ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে পরিস্থিতি উসকে দিয়েছেন। নাহিদের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান প্রশ্ন তোলেন, আন্দোলনের নামে আওয়ামী লীগের দুর্বৃত্তদের অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরকে তিনি সমর্থন করছেন কি না।
রাশেদ খান আরও বলেন, বর্তমান বিরোধী দল এবং পতিত স্বৈরাচার দুই পক্ষের অপতৎপরতা সামলেই বিএনপি সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা বিএনপিকেই মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খান দাবি করেন, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে গার্মেন্টস শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন।