চট্টগ্রাম বন্দর চ্যানেলের লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কর্ণফুলী নদীর মোহনায় আটকে পড়া মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ সফলভাবে উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর চ্যানেলের লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কর্ণফুলী নদীর মোহনায় আটকে যাওয়া ‘এমভি সিএনসি ইউরেনাস’ নামের কনটেইনার জাহাজটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতভর যৌথ উদ্ধার অভিযান শেষে জাহাজটিকে নিরাপদে ব্রাভো অ্যাংকরেজে নোঙর করানো হয়। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা যায়, মাল্টার পতাকাবাহী জাহাজটি চীনের শিকোউ বন্দর থেকে ১ হাজার ২৮২ টিইইউ কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে স্টিয়ারিং বিকল হয়ে প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়। জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। দুর্ঘটনাটি ঘটার পরপরই চট্টগ্রাম বন্দরের চারটি টাগবোট, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘শিবসা’ এবং কোস্ট গার্ডের টাগবোট ‘প্রমত্ত’-এর সমন্বয়ে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর চ্যানেল সচল রেখেই গভীর রাতে জাহাজটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, যা বন্দর ব্যবহারকারী ও নাবিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।