মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে ৭টি বাধ্যতামূলক শর্তসহ নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করা, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম সমন্বয় এবং বিলের তিনটি সেট দাখিলসহ মোট সাতটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ যখন সরকারি কাজে দেশে বা দেশের বাইরে ভ্রমণ করবেন, তখন ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে। নির্দেশনায় বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করার কথা বলা হয়েছে।
এছাড়া যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি এবং আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা প্রমাণক জমা দিতে হবে। বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে টাকার সঙ্গে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে যথাযথ ভাউচার বা প্রমাণকও দিতে হবে। পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে যে, সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে উল্লিখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে তার জন্য অবশ্যই পুনরায় অনুমোদন নিতে হবে।
অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে এবং অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে তা শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে। আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় করা না হলে পরবর্তীতে আর কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না। নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে পর্যাপ্ত সময় হাতে রেখে বিল দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া মূল কপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে এবং বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এই পরিপত্রটি সংশ্লিষ্ট সব সিনিয়র সচিব, সচিব, মন্ত্রীদের একান্ত সচিব এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।