হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৫৫ টাকার পাওনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানদার জালাল মিয়ার কাছ থেকে বাকিতে মালামাল কিনেছিলেন রসম আলী। পাওনা টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয় যখন জালাল মিয়া ১৮৫ টাকা দাবি করেন, কিন্তু রসম আলী দাবি করেন তার দেনা মাত্র ৩০ টাকা। এই সামান্য অংকের টাকার হিসাব মেলাতে গিয়েই দুই জনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় সুনেশ্বর গ্রাম। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন