যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দুই তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সানসেট পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দুই শতাধিক ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে দুই তলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। এ সময় ভবনের ভেতরের সিঁড়িও ভেঙে পড়ে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও বয়স প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস বিভাগ। এদিকে দুর্ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আগুন লাগার সঙ্গে ব্যাটারিটির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।