ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ হামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তাকে দায়ী করে দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলা কাপুরুষোচিত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, রোববার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত উল্লেখ করে তিনি অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান।
ডা. শফিকুর রহমান আরও লেখেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে এবং এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।
এর আগে রোববার ভোরে খাগড়াছড়িতে নিজেদের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। ফেসবুক পোস্টে তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় এবং ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ ও ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন লাগানোর পরিকল্পনা করলেও আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয় এবং তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।