লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিক আইওএম-এর সহায়তায় আজ সকালে দেশে ফিরেছেন। বিস্তারিত জানতে পড়ুন।
ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ইউজেড২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসিত এই দলের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ অভিবাসী অন্তর্ভুক্ত ছিলেন।
ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সার্বিক সহযোগিতায় এই বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় অবৈধ অভিবাসীরা বিভিন্ন সময়ে উদ্ধার হয়ে ওই ডিটেনশন সেন্টারে বন্দি জীবন কাটাচ্ছিলেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।