সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলা ও পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কড়া প্রশ্ন রেখে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা এবং তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন। পোস্টে তিনি নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি ও ক্ষতিগ্রস্ত গবাদিপশুর ছবিও যুক্ত করেছেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?”
উল্লেখ্য, এর আগে গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আকস্মিক আগুন ধরে গিয়ে একতলা টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং গবাদিপশু দগ্ধ হয়ে মারা যায়। এ সময় বাড়িতে থাকা তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যরা কমবেশি আহত হন।
ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং এই নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে।