ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার (১১ মার্চ, ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে শ্রমিকরা মহাসড়কের ওপর অবস্থান নিলে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বাৎসরিক ছুটির টাকা এবং ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বারবার তারিখ পরিবর্তন করছে। পূর্বনির্ধারিত ১০ মার্চের সময়সীমা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, সামনে পবিত্র ঈদুল ফিতর অথচ এখন পর্যন্ত বেতন-বোনাস না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। কারখানার সুইং সেকশনের কর্মী লিপি আক্তার আক্ষেপ করে বলেন, "ঈদের কেনাকাটা তো দূরের কথা, বেতন কবে পাবো তারও কোনো হদিস নেই। জিএম সাহেব আজ বেতন দেওয়ার কথা বললেও তিনি এখন কারখানায় নেই।" কাটিং সেকশনের কর্মী শান্ত জানান, গত তিন বছর ধরে তারা এখানে কাজ করলেও নিয়মিত বেতন পেতে প্রায়ই তাদের আন্দোলনে নামতে হচ্ছে। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে না পারার আশঙ্কায় তারা এই কঠোর আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
মহাসড়ক অবরোধের ফলে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। শেফার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানিয়েছেন, মালিকপক্ষের সাথে আলোচনা হয়েছে এবং আগামীকালের মধ্যে বকেয়া পরিশোধের চেষ্টা করা হবে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের দাবির যৌক্তিক সমাধান এবং সড়ক সচল করতে তারা মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন