মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ বিকল হয়ে দেশে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক ফোনালাপে এই সহযোগিতা কামনা করেন তিনি। পরবর্তীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। মঙ্গলবার মালয়েশিয়ায় সেই চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। ওই চিঠিতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও বর্তমান সরবরাহের ব্যবধান কমাতে মালয়েশিয়ার সুনির্দিষ্ট সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে কথা বলে বাংলাদেশকে কীভাবে দ্রুত সহযোগিতা করা যায়, সে বিষয়ে শিগগির অবহিত করার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তাৎক্ষণিক সমাধান দেওয়ার কোনো সুযোগ আছে কি না তারা খতিয়ে দেখে জানাবেন। তাৎক্ষণিক সমাধান দিতে পারলে তা দেশের জন্য বড় স্বস্তি বয়ে আনবে, আর তা না হলে অন্য কোনো উপায়ে তারা সহযোগিতা করতে পারে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
উল্লেখ্য, মালয়েশিয়া থেকে দীর্ঘমেয়াদি বা স্পট মার্কেটের মাধ্যমে এলএনজি আমদানির সুযোগ নিয়ে বাংলাদেশ আগে থেকেই কাজ করে যাচ্ছে। এলএনজি সরবরাহের পাশাপাশি জ্বালানি খাতের অভিজ্ঞতা, বিশেষজ্ঞ পরামর্শ কিংবা সম্পদ ভাগাভাগির মাধ্যমেও মালয়েশিয়া পাশে দাঁড়াতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
মন্তব্য করুন