সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইন থেকে গ্যাস-সদৃশ পদার্থ বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হওয়া এই অদ্ভুত ঘটনায় স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল কাজ করছে, তেমনি নিরাপত্তার স্বার্থে পাম্পটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বেলকুচি থানা সংলগ্ন ‘মাজেম মিয়ার গড়ান’ নামক স্থানে অবস্থিত এই পানির পাম্পের পাইপলাইন দিয়ে পানির সঙ্গে বুদবুদ উঠতে দেখে স্থানীয়রা কৌতূহলবশত আগুন ধরিয়ে দিলে তা দাউ দাউ করে জ্বলতে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, খবর পাওয়ার পরপরই পৌরসভা প্রকৌশলী, ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানির কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে পানিতে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধি দল ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেখানে প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করেছে। তবে এটি কী ধরনের গ্যাস বা এর উৎস কোথায়, তা নিশ্চিত হতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) বিষয়টি অবগত করার প্রক্রিয়া চলছে।
উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল জানিয়েছেন, প্রাথমিকভাবে গ্যাসের উপস্থিতির বিষয়টি শনাক্ত হলেও এর উৎস সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। আগামীতে পুনরায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গ্যাসের ধরন যাচাই করা হবে। যদি পরীক্ষায় এর সত্যতা প্রমাণিত হয়, তবে বাপেক্সের বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে।
জননিরাপত্তার কথা ভেবে আপাতত ওই পানির পাম্পটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এলাকায় এমন বিরল ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গ্যাস ক্ষেত্র পাওয়ার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। বাপেক্সের প্রতিনিধি দল না আসা পর্যন্ত এটি প্রাকৃতিক গ্যাস না কি অন্য কোনো দাহ্য পদার্থ, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ওই এলাকা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
মন্তব্য করুন