ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন। ১১ দলীয় ঐক্যের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোট সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত মোট পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি রয়েছে। বৈঠকে এ দুটি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেয় জোটটি।
বৈঠকে অংশ নেওয়ার আগে ড. হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শাসকদলের বিভিন্ন নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে—তা নিয়ে জোটের পক্ষ থেকে স্পষ্ট শঙ্কা প্রকাশ করা হয়।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ স্থানীয় নেতারা।