ইসরাইলের নির্বাচনে তাঁর সমর্থনের কারণেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্প লিখেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ঘোষণার পরই এসব পরিবর্তন ঘটেছে। তিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, ঠিক সেটাই চান!"
এদিকে ইসরাইলি নির্বাচন কমিশনের প্রকাশিত আংশিক তথ্য অনুযায়ী, ২৮ লাখ ভোট বা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’ ২০.৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ১৬.৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকটের ‘ইয়াশার পার্টি’, এবং ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন এবং আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে যাচ্ছে