গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের অসহায় পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ মাসের শিশুসন্তানসহ নিহতের স্ত্রীর খোঁজখবর নিয়ে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক আন্দোলন চলাকালে নিহত তৌফিক হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বামীকে হারিয়ে ১১ মাসের শিশুসন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়া তৌফিকের স্ত্রীর সাথে মুঠোফোনে কথা বলে পরিবারের সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সাথে তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান জানান, এদিন বেলা ১১টা ২০ মিনিটে তিনি নিহত তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দুই ভাই-ই এতিম এবং অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠে একই পোশাক কারখানায় কাজ করতেন। আন্দোলনের সময় চোখের সামনে ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তৌফিকের বড় ভাই।
পারিবারিক দুরবস্থার কথা তুলে ধরে জামায়াত আমির জানান, তৌফিকের ১১ মাসের এক শিশুসন্তান রয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাদের নিজস্ব কোনো বসতভিটাও নেই। বর্তমানে নিহতের স্ত্রী ও সন্তান স্বামীর চাচার একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছেন। জামায়াত আমির আশ্বস্ত করেন যে, তাদের এই কঠিন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী এই পরিবারের পাশে থাকবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গরিব ও মেহনতি মানুষের বিচার পাওয়ার পথ কঠিন হলেও তৌফিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার পেলে এই অসহায় পরিবার অন্তত সান্ত্বনা পাবে।
ফোনালাপের সময় নিহতের বাড়িতে উপস্থিত থেকে পরিবারটিকে সান্ত্বনা ও সাহায্য জানান জামায়াতের গাইবান্ধা জেলা আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকারসহ স্থানীয় নেতারা।