প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বক্তব্য প্রত্যাহার না করলে ১০ দিনের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এ বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়কের কাছে ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ এবং ‘চ্যানেল আই’-এ প্রচারিত এক প্রতিবেদনে নাহিদ ইসলামের একটি মন্তব্য প্রকাশিত হয়। সেখানে তিনি বলেছিলেন, "চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।"
আইনজীবী মো. হাবিবুর রহমান নোটিশে জানান, এই বক্তব্যটি তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি চরমভাবে বিব্রত, ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন। তিনি দাবি করেন, এই ধরনের অসংলগ্ন ও কাল্পনিক মন্তব্য অত্যন্ত অমার্জনীয় এবং এতে রাজনৈতিক শিষ্টাচার ক্ষুণ্ন হয়েছে। এনসিপির প্রধান ও বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে এমন উক্তি করা প্রজ্ঞাহীনতার পরিচয় দেয়।
নোটিশে আরও বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করলে এবং জাতির কাছে ক্ষমা না চাইলে নাহিদ ইসলামের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি কার্যবিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।