ইসরাইলের বর্তমান ‘যুদ্ধবাজ’ সরকার ও তাদের অব্যাহত উসকানিমূলক কর্মকাণ্ড গোটা মধ্যপ্রাচ্যকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আঞ্চলিক এই সংকট ও উত্তেজনা মোকাবিলায় মুসলিম বিশ্বের দেশগুলোকে আরও জোরালো ও শক্তিশালী সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এক বক্তব্যে এরদোগান কড়া ভাষায় বলেন, জায়নবাদ বা ইহুদিবাদ আজ প্রতিবেশীদের শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল তাই নয়, বৈশ্বিক মানবিক মূল্যবোধ রক্ষায় যারা কাজ করে যাচ্ছে, ইসরাইল তাদেরকেও নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের বিরুদ্ধে ওঠা গুরুতর অপরাধ ও আইন লঙ্ঘনের অভিযোগগুলোর উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইসরাইলের এই আগ্রাসী কার্যক্রম আন্তর্জাতিক আইন, নীতি ও সব ধরনের সীমারেখাকে প্রকাশ্যে উপেক্ষা করছে বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।
এই সংকটময় পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক জোট আরও দৃঢ় করার ওপর জোর দিচ্ছে তুরস্ক। সম্প্রতি সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরাইলি বিমান হামলার পর এরদোগানের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সে সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েন প্রতিহত করতেই তারা হামলা চালিয়েছিল। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন এরদোগান।
মন্তব্য করুন