কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা স্পষ্ট করে নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের তাদের প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যেন সবার কাছে সর্বজনগ্রাহ্য হয় সেদিকে নজর রাখতে হবে।
গণমাধ্যমকে একটি বহুপাক্ষিক ক্ষেত্র হিসেবে অভিহিত করে জহির উদ্দিন স্বপন বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নিয়ে বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের নীতি অনুসরণ করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক চিন্তার বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করেই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে থাকা সচিব মো. শাহ আলম, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন