মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খালে পড়ে এক যাত্রী নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের দুটি সেতুর মধ্যবর্তী খালে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহত অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন