ইরানের পারমাণবিক কর্মসূচি, সংশ্লিষ্ট স্থাপনা ও বিজ্ঞানীদের গতিবিধি সংক্রান্ত তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যদাতার নিরাপত্তার স্বার্থে তাঁকে পরিবারসহ অন্য স্থানে স্থানান্তরের সুবিধাও দিচ্ছে ওয়াশিংটন।
ইরানের পারমাণবিক কর্মসূচি, সংশ্লিষ্ট গোপন স্থাপনা এবং এর পেছনে থাকা ব্যক্তিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন নির্ভরযোগ্য তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি (২০ মিলিয়ন) মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে এই পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুরস্কার ও তথ্যের বিবরণ:সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (Rewards for Justice)-এর আওতায় এই বিশাল অঙ্কের পুরস্কার প্রদান করা হবে।
ওয়াশিংটন মূল যেসব বিষয়ে তথ্য চেয়েছে:
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির বিবরণ।
কর্মসূচির নেপথ্যে কাজ করা বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাঁদের চলাচলসংক্রান্ত অভ্যন্তরীণ গোপনীয় তথ্য।
পারমাণবিক প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরঞ্জাম ও উপাদান সংগ্রহের নানা উৎস।
তথ্য জমা দেওয়ার জন্য ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির সুরক্ষিত ওয়েবসাইটের লিংকও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালি ঘিরে উদ্ভূত আন্তর্জাতিক সংকটের মধ্যে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে এই গোয়েন্দা উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।