বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জলবায়ু অর্থায়ন ও সরকারের নীতি পর্যবেক্ষণ এবং জবাবদিহি নিশ্চিতে ভূমিকা রাখবেন তিনি।
বিশ্বের অন্যতম বৃহৎ জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ (COP-31)-এ অংশ নিতে তুরস্ক সফর করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তাঁর তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি বর্তমানে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত 'আইক্যাপ' (ICAP) সম্মেলনে অবস্থান করছেন।
বিশ্বমঞ্চে নিজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মনিরা শারমিন জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে তিনি কপ-৩১ সম্মেলনে উপস্থিত থাকবেন। সেখানে সরকারের গৃহীত পদক্ষেপ, জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার মতো বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
মনিরা শারমিন আরও স্পষ্ট করেন যে, তাদের উদ্দেশ্য কেবল সরকারের অন্ধ বিরোধিতা করা নয়। বরং আন্তর্জাতিক মঞ্চে নীতিগত পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং বিকল্প প্রস্তাব তুলে ধরে বাংলাদেশের জলবায়ুনীতিকে আরও জনবান্ধব, কার্যকর ও স্বচ্ছ করতে ভূমিকা রাখতে চান তারা।
উল্লেখ্য, মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
এছাড়া একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহযোগী গবেষক হিসেবে যুক্ত থাকার পাশাপাশি বর্তমানে তিনি দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার স্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস পরামর্শক (Independent Consultant) হিসেবে নিয়োজিত রয়েছেন।