জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে বর্তমানে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এর প্রমাণ হিসেবে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার এবং তাঁদের দেওয়া গাড়ি ও অর্থ ব্যবহারের অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, এমন কর্মকাণ্ডের পাশাপাশি পাটওয়ারী এখন কঠোর বক্তব্য দিচ্ছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকারের পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। তাঁর ভাষায়, আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া কিংবা পেছন থেকে সহযোগিতা বন্ধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, ছাত্ররাজনীতি করার সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাগল চুরিই পাটওয়ারীর অভিজ্ঞতা।
রাশেদ খাঁন বলেন, এই অভিজ্ঞতা নিয়ে পাটওয়ারী রাষ্ট্র পরিচালনা করতে চান এবং স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন। তাঁর মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।