ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিরোধীদের আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থী জোট ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান। সাধারণ নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই প্রস্তাব এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইয়ার গোলান বলেন, ইহুদি ও আরব ভোটারদের মধ্যে নেতানিয়াহু যে বর্ণবাদী বিভাজন তৈরি করেছেন, তা আর মেনে নেওয়ার সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের মূলধারার বিরোধী শিবিরের সামনে এখন সুযোগ ও দায়িত্ব এসেছে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে অংশীদারিত্ব তৈরি করে একটি নতুন ও পরিবর্তনকামী সরকার গঠন করার।
‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন ও সেন্ট্রাল ইলেকশন কমিশনের প্রায় ৭২.৪ শতাংশ ভোট গণনার তথ্য অনুযায়ী, ১২০ আসনবিশিষ্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন কোনো একক জোটই পাচ্ছে না। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেতে পারে ৫৪টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলো ১৮টি আসনে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে।
রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গাদি আইজেনকোটের বিরোধী জোট এবং প্রধান আরব দলগুলো যদি একাট্টা হতে পারে, তবে তাদের মোট আসন দাঁড়াবে ৬৬-তে। এটি নেতানিয়াহুকে হটিয়ে একটি নতুন বিকল্প সরকার গঠনের জন্য যথেষ্ট।
আরব দলগুলোর মধ্যে ‘জয়েন্ট লিস্ট’ ১২টি এবং ‘ইউনাইটেড আরব লিস্ট’ (রাম) ৪টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৮টি আসন পেলেও আইজেনকোটের ‘ইয়াশার’ দল ২১টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাশাপাশি ইয়ার গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস’, ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবং ‘ইসরাইল বেইতেনু’ প্রত্যেকে ৮টি করে আসন পেতে পারে। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে আসন সংখ্যায় সামান্য রদবদল হতে পারে, তবে স্পষ্টত সরকার গঠনের চাবিকাঠি এখন আরব দলগুলোর হাতেই ঝুলে রয়েছে।