২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনেতা, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে, এসব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের পেছনে অভিযুক্ত এসব ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, সমর্থন এবং উসকানি ছিল। অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস গণমাধ্যমকে জানান, গণঅভ্যুত্থানের সময় যখন শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হচ্ছিল, তখন অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি জুগিয়েছেন। এমনকি অভ্যুত্থানের পরও তারা জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।
অভিযোগের মুখে থাকা ২৭ জনের তালিকা: ১. ফেরদৌস আহমেদ (চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য) ২. মেহের আফরোজ শাওন (অভিনেত্রী ও নির্মাতা) ৩. রিয়াজ আহমেদ (চিত্রনায়ক) ৪. অরুণা বিশ্বাস (অভিনেত্রী) ৫. শামীম আরা নিপা (নৃত্যশিল্পী) ৬. রোকেয়া প্রাচী (অভিনেত্রী ও নির্দেশক) ৭. মাহিয়া মাহি (চিত্রনায়িকা) ৮. নিপুন আক্তার (চিত্রনায়িকা) ৯. তানভীন সুইটি (অভিনেত্রী) ১০. হৃদি হক (নাট্যব্যক্তিত্ব) ১১. জ্যোতিকা জ্যোতি (অভিনেত্রী) ১২. সাজু খাদেম (অভিনেতা) ১৩. সোহানা সাবা (অভিনেত্রী) ১৪. পিয়া জান্নাতুল (মডেল ও আইনজীবী) ১৫. শামীমা তুষ্টি (অভিনেত্রী) ১৬. হিরো আলম (অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর) ১৭. আশনা হাবীব ভাবনা (অভিনেত্রী) ১৮. সাইমন সাদিক (চিত্রনায়ক) ১৯. সুজাতা আজিম (অভিনেত্রী) ২০. জায়েদ খান (চিত্রনায়ক) ২১. অজিজুল হাকিম (অভিনেতা) ২২. চন্দন রেজা (অভিনেতা) ২৩. আসাদুজ্জামান নূর (অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী) ২৪. মারিয়া কিশপট্টা (মডেল) ২৫. শান্তা ফারজানা ২৬. সোমা ইসলাম (উপস্থাপিকা) ২৭. আনিস আলমগীর (সাংবাদিক)
মন্তব্য করুন