ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে একটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বসতিস্থাপনকারীরা এই হামলা চালিয়েছে এবং এর ফলে মসজিদটির একাংশে ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদে আগুন জ্বলতে দেখা গেলেও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার পাশাপাশি পশ্চিম তীরজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেবরন, বেথলেহেম ও তুলকারেমসহ বিভিন্ন এলাকা থেকে এই আটক অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর থেকেই পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান, চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ এবং ধরপাকড় ও হয়রানির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে ইসরাইল।