বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপানের মতো দ্রুতগতির দল। এমন হাইভোল্টেজ ম্যাচে কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। তাই ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন নেইমার কি এবার শুরুর একাদশে ফিরছেন? আপাতত টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত, নেইমারকে জাপানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
ব্রাজিলের ফিটনেস ট্রেইনারদের প্রতিবেদন অনুযায়ী, ইনজুরি কাটিয়ে ফিরলেও নেইমারের ম্যাচ ফিটনেস এখনও পুরোপুরি শতভাগ নয়। টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও ফিরে পাননি এই তারকা ফুটবলার। তাই কোচিং স্টাফরা তাকে শুরুর একাদশে নামিয়ে ঝুঁকি নিতে চান না। বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানোর পরিকল্পনাই করছে টিম ম্যানেজমেন্ট। প্রয়োজনে ম্যাচের শেষ দিকে তার জাদুকরী পারফরম্যান্স কাজে লাগাতে চায় ব্রাজিল।
এদিকে, নেইমারকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে সেই বিতর্ক দ্রুতই থামিয়ে দিয়েছেন ডেভিড। তিনি সাফ জানিয়েছেন, ভিডিওর ওই অঙ্গভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনার ফল। নেইমারকে খেলানোর সিদ্ধান্তের সাথে ওই ভিডিওর কোনো সম্পর্ক নেই।
ব্রাজিলের আক্রমণভাগে বর্তমানে তীব্র প্রতিযোগিতা চলছে। ভিনিসিয়ুস জুনিয়র বাম প্রান্তে প্রায় নিশ্চিত থাকলেও, অন্য জায়গাগুলোর জন্য রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোর মতো তরুণরা জোর দাবি জানিয়েছেন। সেই সাথে রাফিনহার ফেরার সম্ভাবনাও ব্রাজিলকে বেশ স্বস্তি দিচ্ছে। এমন প্রতিযোগিতামূলক দলে শতভাগ ফিট না হওয়া নেইমারের জন্য শুরুর একাদশে জায়গা করে নেওয়াটা আপাতত কঠিন চ্যালেঞ্জই বটে। সব মিলিয়ে, হিউস্টনের ম্যাচে নেইমারকে দেখার জন্য হয়তো ভক্তদের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আপনি কি মনে করেন নেইমারকে এই ম্যাচে শুরুর একাদশে রাখা উচিত, নাকি বদলি হিসেবেই তিনি বেশি কার্যকরী হবেন?
মন্তব্য করুন