ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৩ ভারতীয় নাগরিক এবং ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিন ভারতীয় নাগরিক ও পাঁচ বাংলাদেশীসহ মোট আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন শ্রীনাথপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে ওই আটজনকে আটক করা হয়।
আটককৃত তিন ভারতীয় নাগরিক হলেন—পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন বলে জানান।
অন্যদিকে আটক পাঁচ বাংলাদেশী নাগরিক হলেন—গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়াণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।