জাতীয় সংসদের বৈঠকে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানসহ একাধিক প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানসহ একাধিক প্রখ্যাত ব্যক্তিবর্গের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সোমবার অধিবেশনের শুরুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।
উত্তাপিত শোক প্রস্তাবে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের পাশাপাশি বিএনপির সাবেক দুই সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক উপমন্ত্রী ও সংসদের সাবেক প্যানেল স্পিকার আব্দুল হাইয়ের নাম রয়েছে। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়।
সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে আরও যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, স্বনামধন্য লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং প্রবীণ সাংবাদিক আমির খসরু।
পাশাপাশি দেশ ও বিদেশে সাম্প্রতিক বিভিন্ন সড়ক ও অন্যান্য দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মাসমূহের মাগফিরাত ও শান্তি কামনা করে সমবেদনা জানায় জাতীয় সংসদ।
শোক প্রস্তাব উত্থাপনকালে স্পিকার জানান, কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ে থাকলে তাঁর জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পাঠালে তা পরবর্তীকালে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তাব গ্রহণের পর প্রয়াতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন