পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদের বহনকারী একটি বাসের সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আটজন রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত রুশ নাগরিকদের মধ্যে চারজন নারী রয়েছেন এবং গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাটোর থেকে ঢাকাগামী কাঁচামালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী রুশ নাগরিকবাহী বাসটির তালবাড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের হাসপাতালে পাঠান। এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে, আহতদের দেখতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন