চাঁদপুরের শাহরাস্তি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার কক্সবাজার সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশের একটি বিশেষ দল কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাহরাস্তিতে নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলেন—টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তদন্তে নেমে এই তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, আসামিরা ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তারা কক্সবাজারে অবস্থান করে মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার দুপুরে চাঁদপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।