নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৫ বলে দাপুটে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে সিরিজ জেতালেও গুরু যুবরাজ সিংয়ের কাছ থেকে মজার খোঁচা শুনতে হয়েছে অভিষেক শর্মাকে। নিজের ১২ বলে ফিফটির রেকর্ড স্মরণ করিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন যুবরাজ।
সিরিজ নির্ধারণী ম্যাচে কিউই বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে মাত্র ৩৫ বলে ক্যারিয়ারের অন্যতম দ্রুততম সেঞ্চুরি হাঁকান অভিষেক। তবে এমন তাণ্ডুবে ইনিংস খেলে চারদিকে প্রশংসায় ভাসলেও নিজের ক্রিকেটীয় গুরু সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের খোঁচা থেকে রেহাই পাননি তিনি।
ম্যাচে মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন অভিষেক। তবে তিনি ভাঙতে পারেননি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গড়া যুবরাজের মাত্র ১২ বলে ফিফটির ঐতিহাসিক রেকর্ড। অভিষেকের ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রসিকতা করে যুবরাজ লেখেন, ‘তুমি এখনও ১২ বলে ৫০ করতে পারলে না, তাই না? দেখে মনে হচ্ছে, দুই বাঁহাতি নিজেদের বাড়ির উঠানে ব্যাটিং করছে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুবরাজের মন্তব্যের জবাবে অভিষেক স্বীকার করেন যে এত দ্রুত রান তোলা মোটেও সহজ কাজ নয় এবং এর জন্য অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রয়োজন।
তবে শিষ্যের সেঞ্চুরি উদযাপনে রসিকতা সেখানেই থামাননি সাবেক এই অলরাউন্ডার। পরে আরেকটি পোস্টে যুবরাজ লেখেন, ‘আমিও তো ৩০ কিংবা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারি না! দারুণ খেলেছ, স্যার অভিষেক! অসাধারণ ইনিংস, আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ!’ গুরুর এমন মজার প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেটাঙ্গনে অভিষেকের বিধ্বংসী ইনিংস নিয়ে আলোচনা অন্যমাত্রায় পৌঁছেছে।