রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক 'আমার দেশ' পত্রিকার প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল হামলায় নিরাপত্তাকর্মী ও পান বিক্রেতাসহ দুজন আহত হয়েছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেনপ্রেসের নিরাপত্তাকর্মী আকতার হোসেন এবং প্রেসের সামনের রাস্তার পান বিক্রেতা রিনা খানম। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা প্রেসের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও অপরটি অর্বিস্ফোরিত থেকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের একটি টহল দল।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।
হামলার বিষয়ে দৈনিক আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী জানান, কারোর সঙ্গে তাঁদের কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক শত্রুতা ছিল না। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করলেই এই হামলার প্রকৃত কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জানা সম্ভব হবে।