ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে জানা গেছে, কর্মসূত্রে কয়েকদিন ধরে বালিতে অবস্থান করছিলেন নুসরাত। সেখান থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করছিলেন তিনি। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
সূত্রের দাবি, শুটিং চলাকালীনই আহত হয়ে থাকতে পারেন অভিনেত্রী। নুসরাতকে টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমায় দেখা যেতে পারে, এমন খবরও এর আগে প্রকাশ্যে এসেছে। ধারণা করা হচ্ছে, সেই সিনেমার শুটিংয়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
জানা গেছে, ওই সিনেমার জন্য পরিচালক শুরু থেকেই নুসরাতকে পছন্দ করেছিলেন। তবে অভিনেত্রীর দুর্ঘটনা বা বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এর আগেও শুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন নুসরাত। ২০২৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন তিনি। সে সময় মুখ ও ভ্রূর কাছাকাছি অংশে সেলাই দিতে হয়েছিল তাকে। চিকিৎসকেরা তখন তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।
এ ছাড়া টানা একটি প্রকল্পে কাজ করার কারণে একবার শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ সময় ব্যথায় ভোগার পাশাপাশি সে সময় ঠিকমতো দাঁড়ানো ও কথা বলতেও সমস্যার কথা জানিয়েছিলেন তিনি।
বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ভারুচা। তবে তার আঘাতের ধরন বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।