দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী পাঁচ দিন সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী দিনগুলোতেও আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকতে পারে। ২১ জুলাই সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নির্দিষ্ট এই পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরেও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও চলাচলকারীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন