রংপুরের পীরগঞ্জে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন ইদিলপুর ইউনিয়নের এক ইউপি সদস্য। পূর্বেও চুরির ঘটনায় আটক হওয়া এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চুরির অপরাধে অতীতে একবার ধরা পড়ার পরও স্বভাব বদলায়নি এক জনপ্রতিনিধির। রংপুরের পীরগঞ্জে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন রনজু মিয়া নামের এক ইউনিয়ন পরিষদ সদস্য।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রনজু মিয়াকে বুধবার আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় একটি বাড়িতে ব্যাটারি চুরির চেষ্টা চালান রনজু মিয়া। এ সময় অটোরিকশাচালক আশরাফুল ইসলাম তার বাড়ির ভেতরে অপরিচিত এক ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পালানোর সময় বাড়ির আঙিনায় লাউ ও কুমড়ো গাছের মাচার জালে জড়িয়ে ওই চোর আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
গ্রেপ্তার রনজু মিয়া পীরগঞ্জ উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, রনজুর বিরুদ্ধে গাইবান্ধার সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার এহেন অপরাধমূলক কর্মকাণ্ডে পুরো ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। ইতিপূর্বে চুরি করতে গিয়ে তিনি জনতার হাতে আটক হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করা হয়েছে।
ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল বলেন, স্থানীয়রা সরল বিশ্বাসে ভেবেছিলেন ইউপি সদস্য নির্বাচিত হলে তিনি আর চুরি করবেন না। সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেই এলাকাবাসী তাকে গত নির্বাচনে সদস্য নির্বাচিত করেন। কিন্তু বারবার সুযোগ পেলেও তিনি তার পুরোনো অভ্যাস বা চোর স্বভাব ত্যাগ করতে পারেননি।