দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত যৌক্তিক বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
দেশের তৈরি পোশাকশিল্পে ছড়িয়ে পড়া শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে অবিলম্বে শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাস ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “শিল্প বাঁচলে দেশ বাঁচবে,এটা যেমন ঠিক, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য পাওনা ও বেতনের বিষয়ে সরকারকে কালক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই প্রক্রিয়ায় যত দেরি হবে, আমাদের অর্থনীতির ক্ষতির পরিমাণ ততই বাড়বে।”
পোশাকখাতের সংকট ও সরকারের ভূমিকা: বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে এবং কোনো কোনো স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ বা সুযোগসন্ধানীরা যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও আন্তরিক থাকার পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা।
দেশের প্রধান রফতানি খাতের নাজুক অবস্থার কথা মনে করিয়ে দিয়ে জামায়াত আমীর বলেন, দ্রব্যমূল্যের বর্তমান বাজারদরে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন চরম কঠিন হয়ে পড়েছে। সরকারের উচিত ছিল শুরুতেই মালিক ও শ্রমিক,উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান: শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আপনাদের প্রতিষ্ঠান আপনারাই বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য ও যুক্তিযুক্ত অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলেই কর্মসংস্থান বেঁচে থাকবে।”
একই সাথে তৈরি পোশাক কারখানার মালিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। মালিকপক্ষ শ্রমিকদের আপন মনে করলে যেকোনো সংকট ও সমস্যা সহজেই সমাধান সম্ভব।
শ্রমিক হত্যার প্রতিবাদ: ভিডিও বার্তায় সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক তৌফিককে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন