প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তাঁর ছোট বোনকে (শ্যালিকাকে) বিয়ে করে ভাইরাল হওয়া টিকটকার মাসুদ রানা অবশেষে নিজের ভুল স্বীকার করে লাইভে এসে শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে স্থানীয়রা তাঁর মুখে চুন-কালি মেখে এলাকা থেকে বের করে দেন।
লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তাঁর ছোট বোনকে বিয়ে করাটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম তা যদি তিনি আগে বুঝতে পারতেন, তবে কখনো এ ধরনের ঘটনা ঘাততেন না বা ফেসবুকে প্রকাশ করতেন না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দেন এবং তাঁদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে না ছড়ানোর অনুরোধ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে ভাড়া থাকতেন মাসুদ। গত শনিবার (২৪ অক্টোবর) তাদের গায়েহলুদ এবং রবিবার (২৫ অক্টোবর) প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। সে সময় প্রথম স্ত্রীর সম্মতির কথা দাবি করলেও দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর জেরে সোমবার রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে টিকটকার মাসুদের মুখে চুন-কালি মেখে এলাকা থেকে বের করে দেন। উল্লেখ্য, ইসলামী শরিয়ত ও আইন অনুযায়ী প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ ও অবৈধ।