শিল্পী সমিতি থেকে বহিষ্কার ও নানা বিতর্কের পর বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুরোপুরি উধাও হয়ে গেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে একসময় ঢালিউডের নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে রূপালি পর্দার কাজের চেয়ে বিগত কয়েক বছরে নানা বিতর্ক, শিল্পী সমিতির নির্বাচন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের সুবাদেই তিনি বেশি খবরের শিরোনাম হয়েছেন। তবে বর্তমান পরিস্থিতি বলছে, বিনোদন জগৎ থেকে পুরোপুরি আড়ালে চলে গেছেন এই অভিনেত্রী।
২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘পিতার আসন’। ঢাকাই ছবির পাশাপাশি ২০১৩ সালে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে অভিনয় করে ওপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতেও অভিষেক ঘটেছিল তার। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বেশ কিছু ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন।
তবে রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হন নিপুণ আক্তার। এই সিদ্ধান্তের পর থেকেই মূলত বিনোদন অঙ্গনের সব মাধ্যম থেকে পুরোপুরি উধাও হয়ে যান তিনি। এমনকি যে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একসময় নিয়মিত সরব থাকতেন, বর্তমানে সেখানেও তার কোনো উপস্থিতি নেই এবং তিনি সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানের পরিবর্তিত বাস্তবতায় দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন নাকি দেশের ভেতরেই আড়ালে আছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য এই মুহূর্তে চলচ্চিত্রপাড়ায় নেই।