দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই উদ্যোগের সূচনা করেন। প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে একটি নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ছোট্ট বন্ধুদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করবে। সেটি নিজের বিদ্যালয়ের আঙিনায় হোক কিংবা বাসার আশপাশে, সুযোগ পেলেই গাছ লাগাবে। তিনি শিশুদের উৎসাহিত করে বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং বিভিন্নভাবে মানুষের উপকারে আসে। এই বিষয়গুলো নিয়ে তোমরা ইন্টারনেটে পড়াশোনা ও গবেষণা করবে। এতে প্রতি বছর একটি করে গাছ সম্পর্কে তোমরা নতুন নতুন তথ্য জানতে পারবে।
গাছ রোপণের সুফল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে সেটি তোমাদের ছায়া দেবে, ক্লান্তিতে গাছের নিচে বিশ্রাম নিতে পারবে। একইভাবে বাড়িতে গাছ লাগালে সুন্দর বাতাস পাওয়া যায় এবং পরিবেশ ঠান্ডা থাকে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে তিনি একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় শিশুদের এমন সচেতনমূলক কাজে সম্পৃক্ত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবদান হিসেবে দেখছে সরকার।
মন্তব্য করুন